যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে রবিবার মধ্যরাতে একটি বার্তা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ওবামা বলেছেন, আমি করোনা পজিটিভ। কয়েকদিন যাবৎ আমার খুসখুসে কাশি ছিল। মূলত এরপরই নমুনা পরীক্ষায় আমার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। কিন্তু আমি এখনো ভাল বোধ করছি।
মার্কিন নাগরিকদের প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিতে উৎসাহিত করে তিনি লিখেছেন, মিশেল ও আমি এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছি। টিকার বুস্টার ডোজও আমাদের নেওয়া হয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে ভ্যাকসিন নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনাদের টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও আপনারা টিকা নিন।
টুইট বার্তায় ওবামা জানিয়েছেন, তার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও কোভিড পরীক্ষা করিয়েছিলেন। যদিও তার ফলাফল এখনো নেগেটিভ রয়েছে।
সাবেক এই ডেমোক্রেটিক প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠজনের বরাতে সিএনএন জানায়, শীত মৌসুমের অধিকাংশ সময় হাওয়াইতে কাটিয়ে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন ৬০ বছর বয়সী বারাক ওবামা। মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরপরই করোনা পরীক্ষায় তিনি পজিটিভ বলে শনাক্ত হন।